ইউরোর মধ্যেই এয়ার ফ্রান্সের পাইলটদের ধর্মঘট

আপডেট : ১১ জুন ২০১৬, ১৫:২৬
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ডের হুংকার উপেক্ষা করে ইউরোর মধ্যেই ধর্মঘট ডেকেছে এয়ার ফ্রান্সের পাইলটেরা। ইউরো শুরু হওয়ার দ্বিতীয় দিনের মাথায় চারদিনের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পাইলট ইউনিয়ন। এ ঘটনায় এখন পর্যন্ত এয়ার ফ্রান্স তাদের ৩০ ভাগ ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। যার প্রভাব ইউরো আয়োজনেও পড়বে।
 
বিবিসি এয়ার ফ্রান্সের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, পাইলটদের এই কর্মবিরতিতে যাওয়ার ঘোষণার প্রভাব ইউরো দেখতে আসা দর্শকরা অনুভব করবে না। যে সকল এলাকায় ইউরো চ্যাম্পিয়ন্সশিপ টুর্নামেন্ট চলছে, সেখানে নিয়মিত ফ্লাইটগুলো চালু থাকবে বলেও জানায় এয়ার ফ্রান্স।
 
এদিকে সরকারকে তার শ্রম আইন সংশোধনের আহ্বান জানিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে পাইলট ইউনিয়ন। অন্যদিকে টানা নয়দিন ধর্মঘট পালনের পর আবারো শুরু হল ট্রেন চলাচল। এদিকে তেল শোধনাগার গুলোর শ্রমিকদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে প্যারিসের বেশ কিছু পেট্রোল স্টেশন। বিবিসি।