অনিবন্ধিত সিম বন্ধ করতে না পারায় নাইজেরিয়ায় অপারেটরকে জরিমানা

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৮:৪৪
অনিবন্ধিত সিমের গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হওয়ায় নাইজেরিয়াকে ১৭০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে দক্ষিণ আফ্রিকার মোবাইল ফোন কোম্পানি এমটিএন।
 
মোবাইল ফোন কোম্পানিটিকে প্রথম দফায় ৫২০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছিল নাইজেরিয়ান কমিউনিকেশন কমিশন (এনসিসি)। কিন্তু দুই পক্ষের আলোচনার পর তুলনামূলক কম অর্থে বিষয়টি নিষ্পত্তি হয়।
 
এমটিএন-এর নির্বাহী চেয়ারম্যান ফুটুমা নেলেকো বলেন, 'কোম্পানির জন্য এটিই সবচেয়ে ভালো ফলাফল।' জঙ্গি-বিদ্রোহীরা এই মোবাইল সার্ভিস ব্যবহার করছে, এমন আশঙ্কা থেকে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী তিন বছরে ভাগে ভাগে জরিমানার অর্থ পরিশোধ করবে বলে এনসিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি