ভারতের গির অভয়ারণ্য থেকে ‘গ্রেফতার’ হওয়া ১৮ সিংহের ৩ টি মানুষখেকো বলে প্রমাণিত হয়েছে। এই ৩ সিংহের একটিকে আজীবন চিড়িয়াখানায় বন্দী রাখা হবে এবং বাকি দুটিকে উদ্ধার কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত এপ্রিল থেকে মে পর্যন্ত গুজরাটের গির অভয়ারণ্য থেকে ১৮টি সিংহ আটক করা হয়। এই সময়ে সিংহের আক্রমণে তিনজন নিহত হন। আটক করা সিংহের ৩টির জৈবিক বর্জ্য পরীক্ষা করে তাদের চিহ্নিত করা হয়। গুজরাটের প্রধান বন্যপ্রাণী সংরক্ষক এপি সিং বলেন, একটি পূর্ণ সিংহ ও দুটি তরুণ সিংহী রয়েছে। পুরুষ সিংহটিকে চিড়িয়াখানায় পাঠানো হবে এবং বাকি দুটি সিংহীকে উদ্ধার কেন্দ্রে রাখা হবে।
পুরুষ সিংহটিই হামলা করে তিনজনকে হত্যা করে। আর সিংহী দুটি সিংহর রেখে যাওয়া মাংস ভক্ষণ করে। উল্লেখ্য, গির অভয়ারণ্যটি এশিয়াটিক সিংহের একমাত্র আবাসস্থল। বাকি ১৫টি সিংহকে অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে। তাদের গভীর অরণ্যে ছাড়া হবে বলে জানিয়েছে। বিবিসি।
