গোপালগঞ্জের মুকসুদপুরে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে।
আহত করুনাময়ী মণ্ডল (৫০) মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার স্বামী অজিত মণ্ডল (৬০) অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা। তিনি কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি পিএলআরে গিয়েছেন। আহত ওই দম্পতিকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজিত মণ্ডল বলেন, বাড়ির পাশের জমি নিয়ে কাকা মম্মথ মণ্ডল ও বিপুল মণ্ডলের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই জমিতে আমি গাছ লাগানোর পর প্রতিপক্ষের লোকজন গাছ কেটে ক্ষতি সাধন করে। এ ব্যাপরে জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আমি আদালতে আবেদন করি। আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। পরে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ফের আদালতে অবেদন করি। এ ব্যাপরে গোপালগঞ্জের এপিপি মো. মতিয়ার রহমান জমি সরেজমিনে পারিদর্শন করতে আসেন। তিনি জমি পরিমাপ করছিলেন। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে মম্মথ মণ্ডলের নেতৃত্বে তার লোকজন আমাকে মারপিট শুরু করে। আমার স্ত্রী করুনাময়ী, বোন প্রমিলা, ভাতিজা শশাঙ্ক ঠেকাতে আসলে তাদের প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেন।’
এ ব্যাপারে প্রতিপক্ষ মম্মথ মণ্ডলের মোবাইলে বারবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস.আই গিয়াস উদ্দিন বলেন, এ ব্যাপারে এখানো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
