২০১৪ সালে গণভোট এখন মূল্যহীন : স্কটল্যান্ড

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৫:০৫
 
যুক্তরাজ্যে থাকার জন্য স্কটল্যান্ডের ২০১৪ সালে হওয়া গণভোট এখন অকার্যকর ও মূল্যহীন বলে মন্তব্য করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন। কেবিনেট বৈঠকের পর বিবিসি ওয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যে থাকার জন্য ২০১৪ সালের গণভোট এখন আর কার্যকর নয়। স্কটল্যান্ডকে রক্ষার জন্য যে ধরণের পদক্ষেপ নেয়া দরকার, আমরা নেব।
 
শনিবার কেবিনেট বৈঠকের পর তার এমন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আরো একবার যুক্তরাজ্য থেকে নিজেদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় যেতে যাচ্ছে স্কটিশ কেবিনেট।
 
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গে ব্রেক্সিট নিয়ে তারা আলোচনা করবে বলে জানিয়েছে। স্কটিশ কেবিনেটের ফার্স্ট মিনিস্টার বলেন, যেই যুক্তরাজ্যে থাকার জন্য ২০১৪ সালে স্কটিশরা ভোট দিয়েছিল, সেই যুক্তরাজ্য এখন আর নেই।
 
এদিকে যুক্তরাজ্যের দৈনিক সানডে পোস্ট এক জরিপ শেষে জানিয়েছে, ব্রেক্সিট পাশ হওয়ার পর স্কটল্যান্ডে বর্তমানে স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ৫৯ ভাগ ভোটার। দেশটির ১ হাজার ছয়'শ প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই জরিপ চালানো হয়। এদিকে একই বিষয়ে ছোট পরিসরে জরিপ চালিয়ে সানডে টাইমস জানায়, স্কটল্যান্ডের ৫২ ভাগ ভোটার যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়ে যাওয়া পক্ষে আছে। বিবিসি।