ছাড়া পেলেন আম আদমি পার্টির ৫২ বিধায়ক

আপডেট : ২৭ জুন ২০১৬, ১৮:১১
ভারতের আম আদমি পার্টির (আপ) ৫২ বিধায়কসহ উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসৌদিয়াকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। রবিবার সকালে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে আটক করা হয়েছিল।
 
শনিবার সকালে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ করতে পার্টির কর্মী সমর্থক-বিধায়কদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোচ্ছিলেন মনিশ সিসৌদিয়া। সেখানেই তাদের বাধা দেয় পুলিশ।
 
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত আট জন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। সিসৌদিয়া এদিনও অভিযোগ করেছেন, “আপ সরকারকে কাজ করতে দিচ্ছে না ভারতীয় জনতা পার্টি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো আপ বিধায়ককে আটক করছে দিল্লি পুলিশ।”
 

এদিকে ‘ব্রেক্সিটে’র পর দিল্লির পূর্ণাঙ্গ রাজ্যের অধিকার নিয়ে ব্রিটেনের মতো গণভোটের অধিকার আছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।