মদিনায় হামলার ঘটনায় ১২ পাকিস্তানি গ্রেফতার

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১০:১৯
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর পাশে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ১২ পাকিস্তানিকে গ্রেফতার করেছে সৌদি আরব। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত আরো সাত জনসহ মোট ১৯ জন গ্রেফতার হয়েছে। খবর-বিবিসি।
 
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মদিনায় হামলাকারীর নাম জানিয়েছেন। ২৬ বছর বয়সী হামলাকারীর নাম নায়ের মুসলিম হামাদ। সে সৌদি নাগরিক। তার বিরুদ্ধে মাদক বেচাকেনায় জড়িত থাকার অভিযোগ ছিল।
 
ওই একই দিন সৌদি আরবের অপর শহর কাতিফে হামলাকারী তিন জনেরও নাম প্রকাশ করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো জানানো হয়নি। কাতিফের হামলাকারীরা হলেন, আব্দুলরহমান আল-ওমর (২৩), ইব্রাহিম আল-ওমর (২০) ও আব্দুলকরমি আল হুসনি (২০)। সৌদি কর্মকর্তারা জানান এই তিনজনের কারো কাছেই সৌদি পরিচয়পত্র পাওয়া যায়নি।
 
সোমবার জেদ্দাতেও বোমা বিস্ফোরণ করতে গিয়ে একজনের প্রাণ যায়। এখন পর্যন্ত কেউ হামলাগুলোর দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে বিশ্লেষকদের ধারনা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে এর মিল রয়েছে।