ইন্দোনেশিয়ায় যানজটে আটকে ১২ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১১:০৫
 
ঈদে ছুটি কাটাতে মূল শহর ছেড়ে নিজেদের গ্রামে বা শহরে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকা পড়ে মারা গেছেন ইন্দোনেশিয়ার ১২ জন। জাভা দ্বীপের একটি মহাসড়কে বিশ কিলোমিটার দীর্ঘ এই ট্রাফিক জ্যামে কয়েক লাখ মানুষ আটকে ছিলেন অনেক লম্বা সময় ধরে।
 
রমজানের শেষে ঈদের ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বড় বড় শহরগুলো থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নামার পর এই দীর্ঘ ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। তবে জাভা দ্বীপের ব্রেবেসের ট্রাফিক জ্যাম ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে ঈদের তিন দিন আগে থেকেই রাস্তায় জট লেগে যায়।
 
দেশটির একজন ট্রাফিক কর্মকর্তা জানান, যে ১২ জন ট্রাফিক জ্যামে আটকে পড়ে মারা গেছেন, তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ। প্রচন্ড গরমে পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতায় তারা মারা যান। আটকে পড়া অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ যানজটের ছবি পোস্ট করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিবিসি।