আল কায়েদা মোকেবেলায় ইয়েমেন সৈন্য বাড়াবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:৪৪
আরব উপদ্বীপে আল-কায়েদার চ্যালেঞ্জ মোকাবেলায় ইয়েমেনে সৈন্য সংখ্যা বৃদ্ধি করবে যুক্তরাষ্ট্র। এছাড়া উপসাগরীয় মিত্র বাহিনীর পরিচালিত অভিযান সফল হওয়ার পর দলটির বিরুদ্ধে কার্যক্রম আরো বাড়ানো হচ্ছে। ইরাকের রাজধানী বাগদাদে এক সাক্ষাত্কারে মার্কিন শীর্ষ কর্মকর্তা জেনারেল জোসেফ ভোটেল এসব কথা বলেন।
 
মার্কিন এ শীর্ষ কর্মকর্তা ভোটেল বলেন, দেশটির বিভিন্নস্থান আমেরিকার সেনাবাহিনীর জন্য উপযোগী হবে। কিন্তু কোন জায়গাগুলো সেটি প্রকাশ করেননি। এ নিয়ে শীঘ্রই একটি সুপারিশ পাওয়া যাবে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা একেবারে নিরাপদ একটি পরিবেশে মিশন পরিচালনা করতে চাই। তাই সৈন্যদের সেখানেই প্রেরণ করা হবে যেখানে আমরা সবচেয়ে ভালো করতে পারব।
 
গত বছর দেশটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। একটি হামলায় একিউএপি’র নেতাও নিহত হয়। তা সত্ত্বেও ইয়েমেনের গৃহযুদ্ধ মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করছে। এদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আমেরিকার সহায়তায় লড়াই করে যাচ্ছে দেশের সরকারি বাহিনী। যুদ্ধে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে হুতিরা। এ সুযোগে একিউএপি দেশটির পূর্বাঞ্চলজুড়ে ঘাঁটি গেড়ে ফেলেছে। এছাড়া আগের চেয়ে বেশি এলাকা তাদের অধিকারে নিয়ে নিয়েছে এবং দেশের তৃতীয় সর্বোচ্চ বন্দর মুকাল্লা থেকে কোটি কোটি ডলার অর্থ সংগ্রহ করেছে জঙ্গি দলটি।
 
ওদিকে আমেরিকা সেনাবাহিনীর একটি ছোট্ট অংশ ইয়েমেনে আবারো ফিরে এসেছে। ২০১৫ সালে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়। গোয়েন্দা সহযোগিতা দেওয়ার জন্য এ দলটিকে প্রেরণ করা হয়েছে। তবে সদস্যদের সংখ্যা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ভোটেল। তিনি বলেন, এর মাধ্যমে আল কায়েদা কি করছে সে সম্পর্কে আমরা সতর্ক থাকতে পারব। -রয়টার্স