তুরস্কে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ ঘোষণা করার পর দেশটিতে ভারতের নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শনিবার সকালে এক টুইটে তিনি এ কথা জানিয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে বিদ্রোহী সেনারা গোটা দেশের দখল নেয়ার দাবি করে। এ সময় প্রথমে বিষয়টি অস্বীকার করেন তুরস্কের প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি জানান, তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ ঘোষণা করেছে। এই ঘটনার পর তুরস্কের রাষ্ট্রপতি আঙ্কারায় এসে বিদ্রোহীদের রাষ্ট্র ক্ষমতা দখলের বিষয়টি সঠিক নয় বলে জানান। এ সময় তিনি বারবার সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় ক্ষমতা এখনও জনগণ নির্বাচিত সরকারের হাতেই আছে। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের বাস ভবনে বিদ্রোহীরা অবস্থান নিলে তাদের হঠাতে বিমান হামলা চালায় দেশটির সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী। এরপর সেখান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন।
তুরস্কে চলমান এই অবস্থায় সেখানে বসবাসকারী ভারতীয়দের বাড়ির বাইরে যেতে নিষেধ করে সুষমা তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য বলেছেন। এনডিটিভি।
