সুপার টাইফুন নেপারতাক মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন। ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে দেশটিতে ৮৩ জনের মৃত্যু হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে প্রায় ১০৬ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির উপ-প্রধান এবং মিনকিং কাউন্টির সরকার প্রধান হুয়াং শিয়াংকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওই কাউন্টিতে ৭৩ জনের মৃত্যু এবং ১১টি শহরে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রবিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সিন-হুয়া জানিয়েছে। এছাড়াও দুইজন নিম্নপদস্থ কর্মকর্তাকেও তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
ঘূর্ণিঝড়কবলিত এলাকাগুলোতে ১৭০ মিলিয়ন ইউয়ান ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে। গেল ৯ জুলাই ফুজিয়ানে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড়টি। -রয়টার্স
