চান্দিনায় কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে আবারো মহাসড়কে অবস্থান নেয় কলেজ শিক্ষার্থীরা।
এ ঘটনায় কলেজ বন্ধের ঘোষণা দিয়েছেন অধ্যক্ষ। গত বুধবার দুপুর সোয়া ১২টায় চান্দিনা মহিলা কলেজ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।
পুলিশ দফায় দফায় ধাওয়া করে মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে সরানোর চেষ্টা করলেও তারা মহাসড়কের চান্দিনা উপজেলা গেট, কাঠেরপুল, সাহাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেয়। খবর পেয়ে চান্দিনার ইউএনও সুমন চৌধুরী, ওসি রসুল আহমেদ নিজামী মহাসড়কে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তবে এভাবে কতদিন করতে হবে তা বুঝতে পারছি না।
সরকার সারাদেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণের পর ওই তালিকায় চান্দিনা উপজেলা সদরে অবস্থিত সাতটি বিষয়ের ওপর অনার্স কোর্স চালু অবস্থায় চান্দিনা মহিলা কলেজের নাম প্রকাশ করার মাত্র দু’দিন পর ওই কলেজের পরিবর্তে চান্দিনার প্রত্যন্ত অঞ্চল দোল্লাই নবাবপুর কলেজের নাম প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ওঠে কলেজ শিক্ষার্থীরা।
