তুরস্কের পদক্ষেপ অগ্রহণযোগ্য : ইইউ

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৬:৫৯
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির সরকারের নেয়া পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমের বিরুদ্ধে ইইউ-এর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদেরিকা মোগরিনি এবং কমিশনার জোহানেস হান বলেন, তুরস্কে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে তারা ভীষণ উদ্বিগ্ন।
 
তারা জানায়, এ ধরনের পদক্ষেপ তুরস্কের নেতৃত্বকে আরো কর্তৃত্ববাদী করে তুলবে।
 
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে দেশটিতে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে।
 
ইইউ-এর এই দুই শীর্ষ কর্মকর্তা তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানকে আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
 
তুরস্ক ইউরোপীয় মানবাধিকার কনভেনশন স্থগিত করার সিদ্ধান্তের বিষয়েও তারা সতর্ক করেন।
 
এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার তুরস্কের প্রতি অভ্যুত্থান প্রচেষ্টার প্রতিক্রিয়ায় অনুভূতিসম্পন্ন আচরণের আহ্বান জানান।