সিডনিতে অক্সিজেনের স্থলে লাফিং গ্যাস দেয়ায় নবজাতকের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৫:৫৫
অস্ট্রেলিয়ার সিডনিতে অক্সিজেনের পরিবর্তে  ভুলক্রমে লাফিং গ্যাস বলে পরিচিত নাইট্রাস অক্সাইড দেয়ায় একটি সদ্যোজাত শিশু মারা গেছে এবং আরেকটি শিশু গুরুতর অবস্থায়। সিডনির ব্যাঙ্কসটাউস লিডকোম্ব হাসপাতালে গত মাসে এবং চলতি মাসে এই দুই ঘটনা ঘটেছে।
 
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জিলিয়ান স্কিনার একটি বিবৃতিতে বলেন, সদ্যোজাত শিশুদের লাইফ সাপোর্ট ইউনিটে ত্রুটির কারণে এই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। তার মতে গত সপ্তাহে মেশিনের এই ত্রুটি ধরা পড়ে যখন একজন চিকিৎসক এক শিশুর মৃত্যুর কারণের বিষয়ে সংশয় প্রকাশ করে।
 
স্কিনার এই দুর্ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত উল্লেখ করে বলেন, এরকম ভয়াবহ ভুলের জন্য যে পরিবারগুলোকে ভুগতে হলো তার জন্য অনেক অনুশোচনা বোধ করছি। নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগ তাদের সহায়তায় যতটুকু করা সম্ভব করবে।
 
স্কিনার জানিয়েছেন, গত সপ্তাহে এই ঘটনায় প্রভাবিত পরিবারগুলোকে সবকিছু জানানো হয়েছে। ত্রুটিপূর্ণ মেশিনটি ঠিক করা হয়েছে তবে সেটি আর ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন তিনি। এবিসি।