ধসে পড়েছে নিহালপুর-জাফরগঞ্জ বাঁধের সিসি ব্লক

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০২:২৩
পানির তোড়ে আরিচা ঘাটের উত্তর পাশে স্পর্শকাতর নিহালপুর-জাফরগঞ্জ বাঁধের তিনটি স্থানে সিসি ব্লক ধসে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জরুরিভিত্তিতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করলে পানির তোড়ে রাস্তাসহ আশপাশের এলাকা যমুনায় বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির ফলে যমুনার পানি ওই পয়েন্টে ক্রমেই যেন ফুঁসে উঠছে। শিবালয়ের দুর্গম আলোকদিয়া, চর শিবালয়, ত্রিশুরি, জাফরগঞ্জ, মালুচি, তেওতা, নিহালপুর, অন্বয়পুর, হেমগঞ্জ, এলাচিপুর, দাশকান্দী, পাটুরিয়া ঘাটসহ ভাটিতে পদ্মা-যমুনার ভাঙন বৃদ্ধি পেয়েছে।
 
পানি বৃদ্ধির ফলে জাফরগঞ্জ বাজার রক্ষা বাঁধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে পার্শ্ববর্তী এলাকায় ভাঙন ত্বরান্বিত হচ্ছে। এদিকে নিহালপুর বাঁঁধের কয়েকস্থানে ভাঙন মেরামতে উদ্যোগ গ্রহণ না করায়  জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া আরিচা নতুনপাড়া এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন নির্মিত ড্রেনে স্লুইস গেটের অভাবে যমুনার পানি প্রবেশ করে গোটা এলাকা প্লাবিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলের অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। শিবালয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম জানান, এজিইডি’র এ প্রকল্পে স্লুইস গেট নির্মাণের পরিকল্পনা না থাকায় নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে।
 
নিহালপুর গ্রামের বাসিন্দা ও শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর জানান, নিহালপুরে ক্ষতিগ্রস্ত বাঁঁধ জরুরি মেরামতের জন্য উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।