আলেপ্পো ছাড়ছে বেসামরিক সিরিয়ান নাগরিক

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১২:৪৪
 
সিরিয়ার অবরুদ্ধ নগরী আলেপ্পো বাসিন্দাদের মধ্যে কিছুসংখ্যক বেসামরিক মানুষ পরিবার পরিজন নিয়ে মানবিক করিডরগুলো ব্যবহার করে আলেপ্পো শহর ছাড়ছেন। রাশিয়া এবং সিরিয়ার সৈন্যবাহিনী এই করিডরগুলো স্থাপন করেছে।
 
রাষ্ট্রীয় মাধ্যমের খবরে জানানো হয়ে, বাসে করে সাধারণ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। জাতিসংঘের একজন বিশেষ দূত বলেছেন, লোকজন যাতে সহজে এলাকা ছাড়তে পারে সেজন্য এসব করিডর ব্যবস্থাপনার দায়িত্ব জাতিসংঘের হাতে থাকা উচিত এবং ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দেয়া দরকার। প্রায় তিন লাখ মানুষ এখনো ওই শহরে অবরুদ্ধ হয়ে আছে।
 
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে নারী ও শিশুদের ছবিও প্রচার করা হয়েছে । রাশিয়ার একজন মুখপাত্র জানান, একশো উনসত্তর জন বেসামরিক মানুষ এলাকা ছেড়েছেন। আরো কিছু করিডর স্থাপন করা হবে বলেও জানানো হয়। এ ছাড়া ছয়টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
 
এদিকে বিরোধী দলের একজন মুখপাত্র বলেছেন, তথাকথিত মানবিক অভিযান ছিল একটি ধোঁকা মাত্র। এই উচ্ছেদ পরিকল্পনার বিষয়ে পশ্চিমা শক্তিগুলো এরই মধ্যে শীতল প্রতিক্রিয়া জানিয়েছে।
 
মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, শহর থেকে বিদ্রোহীদের হঠানোর উদ্দেশ্যে এ ধরনের প্রস্তাবের মাধ্যমে চাতুর্যের আশ্রয় নেয়া হতে পারে। আল-জাজিরা।