তুরস্ক সরকারের জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে উৎখাত করতে ব্যর্থ অভ্যুত্থানের নির্দেশের অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ফেতুল্লাহ গুলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি অবশ্য প্রথম থেকেই অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ নাকচ করে আসছেন।
সংবাদ সংস্থা আনাদোলু’র খবরে বলা হয়, গত ১৫ জুলাই অভ্যুত্থানের নির্দেশ দেয়ার অভিযোগে গত বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
তিনি বৃহস্পতিবার বিকেলের দিকে এক বিবৃতিতে বলেন, তুরস্কের একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার মর্যাদা ও মতের পরিবর্তন করতে পারেনি। একইসঙ্গে তিনি বিভিন্ন সময় অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানানোর কথা এবং এ সম্পর্কে আগাম তথ্য জানা বা এর সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করার কথা পুনরায় উল্লেখ করেন। সূত্র: এএফপি
