ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আন্দোলন দমন করতে অতিসত্বর প্যালেট গান ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কাশ্মিরে বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে আইন প্রয়োগকারীদের অস্ত্রের আঘাতে তৃতীয় এক ব্যক্তির মৃত্যুর পর গত বৃহস্পতিবার এ মন্তব্য করে সংস্থাটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের জ্যেষ্ঠ কর্মী জহুর ওয়ানি জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের সরকারের উচিত খুব দ্রুত এসব অস্ত্রের ব্যবহার বন্ধ করা। কেননা এসব অস্ত্রের আঘাতে মানুষ ভয়ানকভাবে আহত হয়। এগুলো দিয়ে নির্দিষ্ট করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় না। যার ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ বা বিক্ষোভে জড়িত না থাকলেও সবাই আহত হন।
কাশ্মিরে এ অস্ত্রের আঘাতে এক ব্যক্তি মারাত্মক আহত হয়। এরপর গত বুধবার তার মৃত্যু ঘটে। এ গুলির আঘাতে এ নিয়ে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটল। বিচ্ছিন্নতাবাদী হিজবুল নেতা বুরহানের মৃত্যুকে কেন্দ্র করে গত এক মাসে কাশ্মিরে কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। -আল জাজিরা
