নিউ ইয়র্কে ইমাম হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৮:৩৫
আমেরিকার নিউ ইয়র্কে ইমাম হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে একটি সংগঠন।
 
রোববার বিকেল সাড়ে ৫টায় শহরের চৌধুরী বাজার কেন্দ্রী সুন্নী জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। মিছিলে মসজিদের মুসল্লীরা অংশ নেন। পরে মসজিদ প্রঙ্গণে এক সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
 
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউ ইয়র্ক রাজ্যের কুইনস শহরে বাংলাদেশি একজন ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে নিহতদের একজন হবিগঞ্জের বাসিন্দা মাওলানা আলাউদ্দিন আখঞ্জি।
 
মাওলানা আলাউদ্দিন জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের মরহুম মাওলানা শাহ শামসুদ্দিন আখঞ্জির তৃতীয় সন্তান। ২০১১ সালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকা যান। আমেরিকা যাওয়ার আগে তিনি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের ইমাম ছিলেন। আগামী ৩১ আগস্ট তার বাড়িতে আসার কথা ছিল। তার ভাই নাসির উদ্দিন আখন্জি হবিগঞ্জ টাউন মসজিদের ইমাম। পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে আনার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন।
 
আলাউদ্দিনের ভাই মাওলানা নাসির উদ্দিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
 
ইত্তেফাক/ইউবি