যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার আশা দিন দিন ক্ষীণ হওয়ায় ট্রাম্প বিষণ্ণ হয়ে পড়ছেন এমন খবর প্রকাশিত হওয়ায় তিনি দারুণভাবে ক্ষুব্ধ।
কানেকটিকাটের ফেয়ারফিল্ডে শনিবার রাতে এক বক্তৃতায় তিনি বলেন, আমি ঠক হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়ছি না। আমি অসৎ গণমাধ্যমের বিরুদ্ধে লড়ছি। ট্রাম্পের এক সহযোগীর উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের এক নিবন্ধে বলা হয়, তিনি প্রায়ই বিষণ্ণ থাকেন। নিবন্ধে তার সহযোগীর নাম প্রকাশ করা হয়নি। এছাড়া তার নির্বাচনী প্রচারণার সঙ্গে ঘনিষ্ঠ রিপাবলিকানদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে তিনি ক্লান্ত, হতাশ ও হতভম্ব।
ট্রাম্প রবিবার এর জবাবে টুইট করেছেন। তিনি বলেন, আমার সমাবেশগুলো গণমাধ্যমে ঠিকমত কভারেজ দেয়া হয়না। তারা কখনো প্রকৃত বার্তা দেয়না এবং বিশাল জনসমাগমের ছবি প্রকাশ করে না। পরে তিনি আরো লেখেন, সংবাদপত্র ও অন্যরা যখন যা ইচ্ছে তা লিখছে এমনকি যা পুরোপুরি মিথ্যে তাও বলছে। এটা গণমাধ্যমের স্বাধীনতা নয়।
ট্রাম্প কয়েক মাস ধরে গণমাধ্যমের কভারেজ নিয়ে অভিযোগ করে আসছেন। তিনি এ ধরণের কয়েকটি গণমাধ্যমের তালিকাও তৈরি করেছেন। এর মধ্যে নিউইয়র্ক টাইমস, বাজফিড, পলিটিকো ও দি ওয়াশিংটন পোস্ট রয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, তিনি গণমাধ্যমকে আইনের আওতায় আনার প্রক্রিয়া সহজতর করবেন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্প সঠিক যে অনেক গণমাধ্যম চায় তিনি হেরে যান। আর এটা প্রত্যেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর জন্য সত্য। তবে পার্থক্য হল, ট্রাম্প গণমাধ্যম ও তার বিরোধীদের জন্য এটা আরো সহজ করেছেন। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
