তুরস্কে ৪৪টি কোম্পানিতে পুলিশের অভিযান

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৬:৪৮
তুরস্কে তালিকাভুক্ত ১২০ সন্দেহভাজনকে খুঁজতে মঙ্গলবার এখানে বেশ কয়েকটি কোম্পানিতে অভিযান চালিয়েছে পুলিশ। গত মাসে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ধরতে এ অভিযান চালানো হয়েছে।
 
সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, উসকাদুর ও উমরানিয়া জেলায় ৪৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন এ অভিযান চালানো হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের কর্মকাণ্ডে অর্থ সরবরাহের অভিযোগ রয়েছে। গত ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক কর্তৃপক্ষ। খবরে বলা হয়, কোম্পানিগুলোর ব্যবস্থাপকসহ ১২০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
 
তবে কোম্পানিগুলোর নাম এখন পর্যন্ত জানানো হয়নি। অভিযানে কতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলেনের সমর্থক সন্দেহে ৩৫ হাজারেরও বেশি লোককে আটক করেছিল তুরস্ক কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কমপক্ষে ১১ হাজার ৬শ’ জনকে ছেড়ে দেয়া হয়েছে।  গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তিনি তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ