ভুলত্রুটি থাকলেও আমি নিরপরাধ: রৌসেফ

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:৫০
ব্রাজিলের সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রৌসেফ মঙ্গলবার স্বীকার করেছেন যে, তার কিছু ভুলত্রুটি থাকলেও অভিশংসিত করার মতো কোনো কাজ তিনি করেননি। রৌসেফ জোর দিয়ে বলেন, ‘আমি নিরপরাধ। একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করতে যা কিছু করা প্রয়োজন তার সবকিছু করা হচ্ছে।’ খবর এএফপির।
 
বিচার শুরুর মাত্র এক সপ্তাহ আগে এক বক্তব্যে তিনি একথা বলেন।
 
রিওতে অলিম্পিক গেমস শেষ হওয়ার চারদিন পর ২৫ আগস্ট শুরু হতে যাওয়া সিনেটে রৌসেফকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালে নির্বাচনের সময় দেশের অর্থনৈতিক সমস্যা ধামাচাপা দিতে বাজেটে গরমিল করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
 
রৌসেফকে তার দপ্তর থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। অভিশংসন কার্যক্রম আসন্ন হওয়ায় ব্রাজিলের ফেডারেল সুপ্রিম কোর্ট রৌসেফ এবং তার পূর্বসূরি লুইজ ইনাসিও লুলা দা সিলভার ব্যাপারে তদন্ত শুরু করার অনুমোদন দিয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল সংস্থা পেট্রোবাসের ক্ষেত্রে দুর্নীতি তদন্তে বাধাদানের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
 
ব্রাজিলের জনগণের উদ্দেশে লেখা একটি চিঠিতে রৌসেফ দেশের রাজনৈতিক সংকট দূর করতে ব্রাজিলে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শের কথা  পুনর্ব্যাক্ত করেন। রাজধানী ব্রাসিলিয়ায় তিনি এ চিঠি পড়ে শোনান।
ইত্তেফাক/এমএএস