জয়পুরহাটে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০০:১৮
 
জয়পুরহাটের পুলিশ লাইন পুকুর থেকে পুলিশের উপ-পরিদর্শক শাহ আলমের (৩৬) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় লাশ উদ্ধার করা হয়।
 
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরের আগে শরীর খারাপ বলে সহকর্মীদের জানায় শাহ আলম। এর পর থেকে শাহ আলমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় পুলিশ লাইন পুকুরের ওপর গামছা আর স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এরপর ওই পুকুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়। জয়পুরহাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাহানুর ইসলামের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা পুকুর থেকে শাহ আলমের মৃতদেহ উদ্ধার করে।
 
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে প্রাথমিকভাবে ধারনা করা হলেও ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। শাহ আলম ২ মাস আগে আক্কেলপুর থানা থেকে বদলি হয়ে ডিবিতে যোগদান করেছেন। পাবনা জেলার চাটমোহর উপজেলার চরনবীল গ্রামের জহির রায়হানের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।