'প্রেসিডেন্ট হওয়ার মত স্বাস্থ্য নেই হিলারির'

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:২২
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য নিয়ে তোপ দাগতে শুরু করেছেন। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো যথেষ্ট ভালো স্বাস্থ্য হিলারির নেই। 
 
এছাড়া ইন্টারনেটেও হিলারির স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, হিলারির সম্ভবত ব্রেইন টিউমার, পারকিনসন্স কিংবা ডিমেনশিয়া হয়েছে।
 
হিলারির চেয়ে ১৬ মাস বড় ট্রাম্প(৭০) মনে করেন হিলারি শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।
 
সপ্তাহান্তে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘হিলারি কোথায়? ঘুমাচ্ছে!!!’ গত সপ্তাহে আইওয়ায় ভোটারদের ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট শক্তি হিলারির নেই।
 
অন্য এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আইএস কিংবা এ ধরণের শত্রু মোকাবেলার মতো যথেষ্ট শারীরিক ও মানসিক সামর্থ্য হিলারির নেই। 
 
এদিকে নিউইয়র্কের সাবেক মেয়র ও ট্রাম্পের সমর্থক রাডি গুলিয়ানি সোমবার ফক্স নিউজকে হিলারির ওপর আক্রমণ তীব্র করে বলেন, হিলারি ক্লান্ত, তাকে অসুস্থ দেখায়। -এএফপি
 
ইত্তেফাক/এমএএস