কোলে চড়ে মন্ত্রীর বন্যা পরিদর্শন!

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ০৬:১২
 
বন্যা কবলিত এলাকা পরিদর্শন কিংবা ত্রাণ বিতরণের মধ্য দিয়ে বেশিরভাগ সময়ই রাজনীতিবিদরা জনসেবার একটি উত্কৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে থাকেন। বন্যা দুর্গত এলাকায় মন্ত্রীর উপস্থিতির ছবি গণমাধ্যমে প্রচার হলে বেশ ভালো একটা ভাবমূর্তিও তৈরি হয় সেই রাজনীতিকের। তবে সমপ্রতি বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ভীষণভাবে বিতর্কিত হয়েছেন ভারতের এক মন্ত্রী। আর মন্ত্রীর বন্যা পরিদর্শনের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এখন তীব্র সমালোচনার মুখে সেই ‘মন্ত্রী মহাশয়’।
 
মধ্য প্রদেশের একটি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বন্যায় চারিদিকে পানিতে থৈথৈ অবস্থা দেখে মন্ত্রী মহাশয় পড়লেন বিপাকে। এই পানির মধ্য দিয়ে কীভাবে সামনে এগুবেন তা নিয়ে সবাই পড়েন ধন্দে। কিন্তু মুখ্যমন্ত্রী বলে কথা, তিনি কি আর এভাবে পানিতে ভিজে বন্যা পরিদর্শন করবেন?  সিদ্ধান্ত হয় সাথে থাকা পুলিশ সদস্যদের কোলে চড়েই পানি পার হবেন ‘মন্ত্রী বাবু’। মন্ত্রীর বন্যা পরিদর্শনের ছবির গ্যালারিতে জায়গা হয়েছে কোলে চড়ে পানি পার হওয়ার দৃশ্যটিও। আর সেটি এখন গণমাধ্যম থেকে শুরু করে ভেসে বেড়াচ্ছে অনলাইন দুনিয়ায়। তার এই কাণ্ডজ্ঞানহীন কর্মের জন্য ফেসবুক, টুইটারে হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। হাসি-ঠাট্টা থেকে বিতর্ক, আর সেই বিতর্ক থেকে এখন জনমনে রীতিমতো ক্ষোভের মুখে মন্ত্রী বাবু।-বিবিসি