ভারতে এসিড মামলার আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৫
ভারতে তিন বছর আগে একটি ব্যস্ত রেলওয়ে স্টেশনে এক নারীকে এসিড ছুঁড়ে মারার অভিযোগে চলা মামলায় আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। এসিড হামলার মামলায় এই রায়কে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
 
এসিড হামলার শিকার হন প্রীতি রাথি নামের এক নারী। ২০১৩ সালে এ ঘটনার সময় তার বয়স ছিল ২৩ বছর। ভারতের নৌবাহিনীতে নার্স হিসেবে কাজ করতে দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছে ট্রেন থেকে নামার সময়ই এসিড ছুঁড়ে ঝলসে দেওয়া হয় তাকে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রীতিকে এসিড মারেন তারই প্রতিবেশী ২৫ বছর বয়সী আনকুর পানওয়ার।
 
এ ঘটনার পর ফুসফুস এবং চোখে মারাত্মক জখমে ভুগে একমাস পরই মারা যান প্রীতি। তার মৃত্যুর একমাস পর ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে এসিড বিক্রি নিয়ন্ত্রণ করার আদেশ জারি করে।
 
ভারতে এসিড হামলার মামলায় বেশির ভাগ আসামিরই উল্লেখযোগ্য কোনো সাজা হতে দেখা যায় না। সেদিক থেকে মুম্বাই আদালতের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে।
 
মামলার শুনানিতে খুনসহ অন্যান্য হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হন পানওয়ার। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। -বিবিসি
 
ইত্তেফাক/এমএএস