কানাডায় চলছে ট্রাম্প বিরোধী আন্দোলন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১১:১৭
 
আমেরিকার মতো কানাডার ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়ল এবং টরেন্টো যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত তিন ধরে প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ হচ্ছে। তাঁকে বর্ণবাদী, অসহিষ্ণুতা, কর-ফাঁকিবাজি, খল নায়ক ইত্যাদি আখ্যা দিয়ে গত শুক্রবার তাঁর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রাম্প হোটেল এবং টরেন্টোর ট্রাম্প টাওয়ারের সামনে কয়েক শ’ কানাডিয়ান এই সমাবেশে অংশ নেয় এবং ‘ডাম্প ট্রাম্প’ বলে স্লোগান দেয়।
 
IMG0
 
স্থানীয় সময় রবিবারও টরেন্টোর ডাউন টাউনের সিটি হলের সামনে একই ভাবে বিক্ষোভ করে একটি মিছিল মার্কিন কনস্যুলেট অফিসের দিকে যাত্রা করলে পুলিশ বাঁধা দেয় এবং ফাঁকা গুলি করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক জনকে গ্রেফতার করা হয়। ভ্যাঙ্কুভার থেকেও অনুরূপ ভাবে স্থানীয় ট্রাম্প টাওয়ারের সামনে তার ঘোষিত নীতিমালার বিরুদ্ধে সমাবেশের খবর পাওয়া গেছে।
 
উল্লেখ্য, আমেরিকা ছাড়াও স্কটল্যান্ড থেকে শুরু করে মালয়েশিয়াসহ কানাডার বিভিন্ন শহরে ট্রাম্পের একাধিক বহুমুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
 
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কানাডায় সফরের নিমন্ত্রণ জানান। আর আমেরিকার প্রেসিডেন্টের অনেকটা প্রথা মোতাবেক কানাডা সফরের মধ্য দিয়েও তাঁর বিদেশে রাষ্ট্রীয় সফর সূচনা করেন। সেই হিসেবে আগামী বছর ট্রাম্প কানাডা সফর করবেন বলে আশা করা যাচ্ছে।
 
ইত্তেফাক/আরএ