ত্রিপলিতে বিবদমান সংঘর্ষে নিহত ৭

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৪:১৩
ত্রিপলিতে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী দুটি মিলিশিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যমে একথা বলা হয়েছে।
 
বার্তা সংস্থা এএফপি'র সাংবাদিকরা রাজধানীর দক্ষিণে বন্দুকের গুলির ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। রাস্তায় ট্যাংক, ট্রাক ও ভারী অস্ত্র দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।
 
বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গ্রুপের সমন্বয়ে গঠিত একটি জোট ত্রিপলি নিয়ন্ত্রণ করছে। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। লিবিয়ায় ২০১১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের ৫ বছর পেরিয়ে গেলেও দেশটিতে এখনো রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দেশটিতে মিলিশিয়া ও দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে শাসন ক্ষমতাকে কেন্দ্র করে বিরোধ চলছে।
 
জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকার মার্চ মাস থেকে ক্ষমতায় রয়েছে। এই সরকার কেন্দ্রীয় ক্ষমতাকে পুনরায় শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি ইসলামিক স্টেটের জিহাদিদের হুমকি হ্রাস করবে বলে জাতিসংঘ আশা করছে।
 
ইত্তেফাক/এসএস