রামগঞ্জ উপজেলার দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তির দখল করে গেট ও রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসী ও দাতা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এদিকে বিষয়টি সমাধান করতে সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বৈঠকে বসে। এ সময় দাতা সদস্য ও গ্রামবাসীর মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস জানান, বিদ্যালয় সংলগ্ন পালের বাড়ির লোকজন দীর্ঘ কয়েক বছর যাবত্ বিদ্যালয়ের সম্পত্তি দখল করে দোকান করে। কিছুদিন আগে হাই স্কুল ও প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে দিয়ে রাস্তা করে দুই স্কুলের মাঝে সবার অজান্তে রাতের অন্ধকারে বাড়ির গেট নির্মাণের প্রস্তুতি নেয়। কিন্তু এলাকাবাসীর তোপের মুখে তা ভেস্তে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছি। সভাপতিকে গেট নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএন
