শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ ১১ বছরেও হয়নি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০১:৫৭

ভোলায় ১১ বছরেও সমাপ্ত হয়নি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ। ২০০৪-০৫ অর্থবছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দেশের সকল জেলায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

 
এর আওতায় ২০০৫ সনের ৯ জুন ভোলার তত্কালীন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল মান্নান ভোলা কালেক্টরেট ভবন চত্বরে ভোলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঐ বছরই ভোলা গণপূর্ত বিভাগ ভোলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ শুরু করে। ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বদরুল আলম খান জানিয়েছেন, সেসময় স্মৃতিফলকের মূল অবকাঠামো নির্মাণ হয়। ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আপত্তির কারণে কাজ সম্পূর্ণ সমাপ্ত করা যায়নি। ভোলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ জানান, ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভ্রান্তি ছিল। খুব শিঘ্রই যাচাই-বাছাই করে এ তালিকা চূড়ান্ত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১১ বছরেও ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা করা যায়নি এটা দুঃখজনক। তারা দ্রুত এ তালিকা করে ভোলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ সমাপ্তের দাবি জানান।

ইত্তেফাক/এএন