ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে গৃহহীন ৪৩ হাজার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১২:৪৮
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে ৪৩ হাজার মানুষ। শনিবার দেশটির সরকারী কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
 
সংশ্লিষ্টরা আরও জানিয়েছে, ইন্দোনেশিয়ার সরকার এবং বিভিন্ন দাতা সংস্থা ক্ষতিগ্রস্ত মানুষজনকে বেঁচে থাকার মৌলিক প্রয়োজনগুলো সরবরাহ করছে।
 
বুধবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে কমপক্ষে ১০০ মানুষ নিহত হয় এবং আহত হয় আরও হাজারো মানুষ। শক্তিশালী ওই ভূমিকম্পে ১১ হাজারের বেশি ভবন ধসে যায়।
 
ক্ষতিগ্রস্ত এলাকার তিনটি জেলায় বর্তমানে ত্রাণ তৎপরতা চলছে। খোলা আকাশের নিচে জড়ো হওয়া মানুষদের এখন কেবল মৌলিক চাহিদাগুলো সরবরাহ করা হচ্ছে।
 
এখনো গৃহহীন মানুষের সঠিক সংখ্যা জানা যায়নি। ৪৩ হাজার বলা হলেও সংখ্যাটা আরও বেশি বলে ধারণা ত্রাণদাতা প্রতিষ্ঠানগুলোর।
 
ইত্তেফাক/এএম