জানুয়ারির ২০ তারিখে শপথ নেয়ার পর ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে উঠবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই ট্রাম্পের মেয়ে ইভানকা একটি ফ্লাট কিনেছেন ওয়াশিংটনে। বাড়ি হস্তান্তরের জন্য নিযুক্ত এজেন্টের বরাত দিয়ে পিউপল জানায়, বাবা ওয়াশিংটনে আসার আগেই সম্ভবত মেয়ে ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার ওয়াশিংটনে এসে বসবাস শুরু করবেন।
সেখানে আরো জানানো হয়, ওয়াশিংটন ডিসির কালোরামায় ৫ বেডরুমের একটি ফ্লাট ক্রয় করেছেন ইভানকা ও তার স্বামী। ৫৫ লাখ টাকা ব্যয়ে কেনা এই বাড়িটির কয়েক ব্লক দূরেই ফ্লাট ক্রয় করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০ তারিখে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের দায়িত্বে বুঝিয়ে দেয়ার পর এই ফ্লাটে উঠবে ওবামা পরিবার। তাই বলাই যায়, প্রতিবেশী হতে যাচ্ছেন বারাক ওবামা ও ট্রাম্পের মেয়ে।
বাবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কারণেই ওয়াশিংটনে এসে বসবাস শুরুর সিদ্ধান্ত নিয়েছেন ইভানকা। কিন্তু ট্রাম্প প্রশাসনে সরাসরি কোন দায়িত্ব গ্রহণ করছেন না তিনি। তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়, হোয়াইট হাউজে কোন পদ পাবার আগ্রহ নেই ইভানকার। তবে তার ব্যক্তিগত কিছু আগ্রহের বিষয় আছে। সেগুলোর বিষয়ে নৈতিক সমর্থনের জন্য ওকালতি করার ইচ্ছা আছে ইভানকার। মাতৃত্বকালীন ছুটি ও শিশুর যত্ন বিষয় নিয়ে কাজ করবেন তিনি।
এদিকে শোনা যাচ্ছে, নির্বাচনকালে ট্রাম্পের খুব কাছের উপদেষ্টা ছিলেন ইভানকা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার। হোয়াইট হাউজে তিনি কোন কাজ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পিউপল ডটকম।
ইত্তেফাক/আরএ
