কেরানীগঞ্জে অপহৃত শিশু শরীয়তপুরে উদ্ধার, গ্রেফতার ৫

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২০:৪৯
ঢাকার কেরানীগঞ্জে মো. সিফাত (৪) নামে এক অপহৃত শিশুকে ২০ দিন পর শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
 
তিনি আরো জানান, বুধবার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মো. সিফাত বরিশালের মূলাদির উত্তর পাতারচরের মো. জামাল উদ্দিনের ছেলে। কেরানীগঞ্জ মডেল থানার দক্ষিণ মান্দাইল গ্রামে পরিবারের সাথে ভাড়া থাকতেন তিনি।
 
গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মো. আলমগীর ইসলাম (৩৭), স্ত্রী আসমা বেগম (৩০), তার ভাই মো. জাকির শেখ (২৭), মো. আওলাদ শেখ (২৫) ও মো. ইমরান শেখ (২২)।
 
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মনিরুল জানান, ৭ জানুয়ারি সকালে বাসা থেকে নিখোঁজ হয় সিফাত। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন শিশুটির বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। এরপর ১৬ জানুয়ারি অপহরণকারীরা মুঠোফোনে সিফাতকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার মায়ের কাছে এক লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে নিখোঁজ জিডিটি অপহরণ মামলায় রূপ নেয়।
 
পরে শিশুটির পরিবার বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৪৫ হাজার টাকা অপহরণকারীদের দেয়া মোবাইল নাম্বারে পাঠিয়ে দেয়। পরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এক নারীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী অপহরণের মূলহোতা আলমগীরকে কেরানীগঞ্জের মান্দাইল থেকে গ্রেফতার করা হয়।
 
পরে তার দেয়া তথ্য মতে, বুধবার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া থানাধীন আনাখন্ড গ্রামে আলমগীরের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমগীরের স্ত্রীর হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ও অপর চারজনকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ