পাঁপড় বিক্রেতাকে গরম তেলে ঝলসে দিয়েছে সন্ত্রাসী

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:১৬
বগুড়ায় পাঁপড় ভেজে দিতে দেরি হওয়ায় রাবেয়া খাতুন (৫০) নামে এক বৃদ্ধা পাপড় বিক্রেতাকে গরম তেলে ঝলসে দিয়েছে শরিফ উদ্দিন রতন নামে এক সন্ত্রাসী।
 
শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
দগ্ধ রাবেয়ার ভাই চাঁন মিয়া জানান, তার বোনের স্বামী আবুল কাশেম রিকশা ভ্যান চালক। সকাল থেকে বিকেল পর্যন্ত রিকশা ভ্যান চালান। বাড়তি কিছু আয়ের আশায় বিকালে বাড়ির পাশে দোকান বসিয়ে ডালপুরি ও সিঙ্গারাসহ বিভিন্ন ধরনের পাঁপড়সহ ভাজা খাবার বিক্রি করেন। তার কাজে সহযোগিতা করেন রাবেয়া। শুক্রবার সন্ধ্যায় তাদের দোকানে পাঁপড় কিনতে আসেন একই এলাকার সন্ত্রাসী শরিফ উদ্দিন রতন। পাঁপড় ভেজে দিতে দেরি হওয়ায় রতন রাগান্বিত হয়ে দোকানের ফুটন্ত তেলের কড়াইয়ে লাথি মারেন। এতে ফুটন্ত কড়াইভর্তি তেল রাবেয়ার শরীরে গিয়ে পড়লে তার মুখমণ্ডলসহ প্রায় সারা শরীর ঝলসে যায়। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। শনিবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন বগুড়ার চিকিৎসকরা।
 
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বলেন, ‘এ ঘটনায় রতনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই রতন পলাতক রয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ