খুলনায় তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় গলিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সুলতানা পারভীন দুলালী (২৬)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর নগরীর লবণচরা থানার মতিয়াখালী মেইন রোড এলাকাকার বাসিন্দা নূরুল হকের সঙ্গে সুলতানা পারভীন দুলালীর বিয়ে হয়। বিয়ের পর দুলালী জানতে পারে তার স্বামী তার স্বামী নূরুল হক মাদকাসক্ত। এছাড়া সে বিভিন্ন লোকের নিকট ঋণগ্রস্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহের সৃষ্টি হয়। গত ১৮ ডিসেম্বর দুলালী তার স্বামী নূরুল হককে তালাক দেয় এবং ১৯ ডিসেম্বর খুলনা থানায় একটি জিডি করে।
স্বামীকে তালাকের পর থেকে সে নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গুলিতে মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নূরুল হক মোবাইল ফোনে দুলালীকে মুন্সিপাড়া দ্বিতীয় গলির মাথায় দেখা করতে আসতে বলে। সে গলির সামনে আসলে নূরুল হক তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে সে মারা যায়। নিহত দুলালীর আগের পক্ষে এক সন্তান রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (সদর জোন) সহকারী পুলিশ কমিশনার হত্যাকান্ডের সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এসএসএ
