সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান শামসু নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩
সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে র‌্যাব-৬’র বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু শেখ ওরফে কোপা শামসু (৪৫) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মংলার সন্নিকটে সুন্দরবনের শ্যালা নদীর মৃগমারী সংযোগ খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব ঘটনাস্থল থেকে ১টি বিদেশি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২টি দেশি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ৩৬ রাউন্ড গুলি এবং দু’টি রাম দা উদ্ধার করেছে। র‌্যাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 
 
র‌্যাব-৬ খুলনার অপারেশন অফিসার জাহিদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মংলার সন্নিকটে সুন্দরবনের শ্যালা নদীর মৃগমারী সংযোগ খালে বনদস্যু শামসু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটলেও বাহিনী প্রধান শামসু গুলিবিদ্ধ হয়। তাকে আশংকাজনক অবস্থায় আটক করে মংলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
র‌্যাব-৬ খুলনার পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের পর সুন্দরবনের গহীনে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান শামসুকে আটক করা হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় আটক করে মংলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৩টি অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি এবং দু’টি রাম দা উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন