আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৫০০ মেগাওয়াটে উন্নীত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- এই শ্লোগানে বর্তমান মহাজোট সরকারের বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পানার অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর উৎপাদন ২০২১ সালের মধ্যে ৩ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।ইতোমধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১১‘শ মেগাওয়াট ছাড়িয়েছে। নতুন করে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নামে আরো একটি ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
 
আজ বুধবার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নতুন এই পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হবে। 
 
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) ইউনিটের নির্মাণ কাজ ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয়। বিদেশি ঋণ সহায়তায় প্রায় ৩৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসের মধ্যে এই ইউনিটের নির্মাণ কাজ শেষ করা হয়। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল ছিল ৪৪৪ কোটি টাকা। প্রাকৃতিক গ্যাস ভিত্তিক এই পাওয়ার প্লান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এই ইউনিটের নির্মাণ কাজ করেছেন স্পেনের টিএসকে ইলেক্ট্রনিকা ওয়াই ইলেক্ট্রি সাইডাড এসএ নামে একটি ঠিাকাদারী প্রতিষ্ঠান। প্রথম দিকে ২৫০ মেগাওয়াট থেকে শুরু করে পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্বি পেয়ে বর্তমানে ৪‘শ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
 
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর নির্বাহি পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) প্রকৌশলী আজিত কুমার সরকার জানান, আগামী জুন মাসের মধ্যে নির্মাণাধীন আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) ইউনিটটি উৎপাদনে আসার কথা রয়েছে। এছাড়া নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে ৪‘শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) ইউনিটের।
 
২০২১ সালের মধ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উৎপাদন ক্ষমতা ৩ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে প্রায় ৭ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ৯০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-১ ও এসটি নামে দুইটি পুরাতন ইউনিট।
 
ইত্তেফাক/মাহমুদুল