দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৬:৪১
 
দক্ষিণ আফ্রিকায় দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের গুলিতে আজিজুর রহমান সোহেল (৩৬) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানে কর্মরত তার খালাতো ভাই সুমন (৩৫) আহত হয়েছেন।
 
নিহত সোহেলের স্বজনদের মাধ্যমে ঘটনাটি স্থানীয় সাংবাদিকরা মঙ্গলবার জানতে পারেন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। সোহেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ শাহাপুর গ্রামে। সে ওই গ্রামের আরিফ মিয়ার ছেলে।
 
নিহতের চাচাতো ভাই বাবলু মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, গত শুক্রবার রাতে একদল সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার লিমপোকো শহরের সোহেলের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করে এসময় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে সোহেলকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট শুরু করলে দোকানে থাকা তার খালাতো ভাই সুমন বাঁধা দেয়। এতে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাতে আহত করে।
 
নিহতের আরেক স্বজন স্কুল শিক্ষক তাহমিনা মাহমুদ জানান, নিহত সোহেলের ছয় ভাই ও  তিন বোনের মধ্যে সে চতুর্থ। সোহেলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশে তার মরদেহ আসার কথা রয়েছে বলে তিনি জানান।