ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির সময় ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। এসময় এক ডাকাত গুলিবিদ্ধসহ এক এএসআইসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।গুলিবিদ্ধ ডাকাত সদস্য হত্যা, ডাকাতি ও মাদকসহ ৭ মামলার আসামি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এই সুযোগে ডাকাত দলের সদস্যরা পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে যানবাহনে ডাকাতির চেষ্টা করে। পুলিশ ঘটনা জানতে পেরে ডাকাতদের ধরতে দুইপাশ থেকে ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশও নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। তার নাম ইন্দ্র মোহন রাজবংশী (২৬)।
আহত ডাকাতকে আটকের পর টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এএসআই মোনসের আলী ও এক কনস্টবলকে হাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গুলিববিদ্ধ ডাকাত ইন্দ্র মোহন রাজবংশী একজন পেশাদার ডাকাত। তার নামে ডাকাতি, হত্যা, ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। তার নের্তৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে আসছে।আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
