ফিলিপাইনে প্রায় ২শ’ বন্দুকধারী বুধবার সেনাদের ওপর হামলা চালিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় দখল করে নিয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এই ঘটনাকে কাছের শহরে যে যুদ্ধ চলছে তাতে ইসলামপন্থী যোদ্ধাদের সহায়তা করার একটি কৌশল হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। পুলিশ ও স্থানীয় মেয়র বলেন, মারাউই নগরী থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের খামার প্রধান শহর পিগকাওয়াইয়ানের একদল সেনার ওপর বন্দুক হামলা চালিয়ে স্কুলটি দখল করে নেয় বন্দুকধারীরা।
IMG0
মারাউইতে এক মাসের বেশি সময় ধরে ইসলামপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে। এই যোদ্ধাদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) এর সম্পৃক্ততা রয়েছে। তবে শিক্ষার্থী না শিক্ষকদের জিম্মি করা হয়েছে সে ব্যাপারে প্রধান ইন্সপেক্টর রিয়ালান ম্যামন নিশ্চিত হতে পারেন নি। স্কুল শুরুর আগেই এ হামলা চালানো হয়।
ম্যামন রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই হামলাটি মারাউইতে লড়াইরত যোদ্ধাদের ওপর চাপ কমানোর একটি কৌশল হতে পারে। তিনি আরো বলেন, এই বন্দুকধারীরা বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স (বিআইএফএফ) এর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
IMG1
জানা গেছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় যে চারটি সশস্ত্র গোষ্ঠী আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে বিআইএফএফ তার অন্যতম। এএফপি।
ইত্তেফাক/সেতু
