ইরাকি সেনা বাহিনীর হামলায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা পিছু হটে টাইগ্রিস তীরবর্তী মসুলের ওল্ড শহরে প্রতিনিয়তই কোণঠাসা হচ্ছে। ইরাকি সেনারা ইতিমধ্যে জঙ্গিদের হাত থেকে মসুলের পশ্চিমাঞ্চলের নতুন নতুন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
সেনা বাহিনীর যৌথ অপারেশন কমান্ডার আব্দুল আমির ইয়ারাল্লা সাংবাদিকদের বলেন, ‘ওল্ড সিটিতে জঙ্গিদের সাথে ব্যাপক যুদ্ধের পর ইরাকি সৈন্যরা প্রাচীন নগরী বাব এ তৈয়ব ও বাণিজ্যিক এলাকা সউক আল সাগার আশপাশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’
যৌথ অপারেশন কমান্ডের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া রসুল বলেন, ‘সেনাবাহিনী মসুলের ওল্ড সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তবে টাইগ্রিস নদীর তীরবর্তী এলাকাতে এখনো সংঘর্ষ অব্যাহত রয়েছে।’ কাউন্টার টেররিজম সার্ভিসেস (সিটিএস) জানিয়েছে, ‘ইরাকি সেনারা টাইগ্রিস নদীর তীরবর্তী আইএস ঘাঁটির একেবারে কাছে পৌঁছে গেছে।’
এদিকে সেনা সদস্যরা সংঘাত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নিয়েছে। তবে ইরাকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী লিজি গ্রান্ডি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ২০ হাজার সাধারণ নাগরিক মসুলের ওল্ড সিটিতে আইএস নিয়ন্ত্রিত এলাকায় আটকা পড়েছে।’ ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪শ’ কিলোমিটার উত্তরের শহর মসুল ২০১৪ সালের জুন থেকে আইএস যোদ্ধাদের দখলে ছিল। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
