ফুলবাড়ীর নিখোঁজ শিক্ষার্থী পার্বতীপুর থেকে উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১২:৩৪
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে নিখোঁজ হওয়া  সপ্তম শ্রেনীর শিক্ষার্থী রিফাত হোসেন জিন্নাত(১৩) কে দিনাজপুর জেলার পার্বতীপুর রেল স্টেশন থেকে উদ্ধার করেছে পার্বতীপুর রেলওয়ে পুলিশ। বর্তমানে সে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও ফুলবাড়ী জছিমিঞা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী আজ শুক্রবার সকালে রিফাতকে উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, গত ৩১ জুলাই অভিমান করে বাড়ী থেকে বের হওয়ার পর বিভিন্ন জায়গায় ঘুরে শুক্রবার সকালে পার্বতীপুর রেল স্টেশনে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছিল রিফাত। বিষয়টি রেলওয়ে পুলিশের চোখে পড়লে জিজ্ঞাসাবাদে আসল তথ্য ও তার পরিচয় বেরিয়ে আসে। রিফাতের পায়ে ক্ষত থাকায় চিকিৎসার জন্য তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তাকে আনার জন্য পরিবারের লোকজন পার্বতীপুর রওয়ানা হয়েছে বলে রিফাতের বাবা জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআর