পাবনা জেলার ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে অপূর্ব ও শাকিল নামে দুই স্কুলছাত্র। নদীতে তীব্র স্রোতের কারণে ডুবুরিসহ স্থানীয়রা তাদের উদ্ধার করতে পারেনি। উপজেলার আরামবাড়ীয়া পশ্চিম পাড়া পদ্মাঘাটে সোমবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুল ছাত্ররা হলো- ঈশ্বরদীর আমবাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এহসানুল ইসলাম শাকিল (১২) ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম অপূর্ব (১৩)। দু’জনেই ঈশ্বরদী আরমবাড়িয়া হাইস্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন জানান, আজ দুপুর ১টার দিকে শাকিল ও অপূর্ব স্কুল থেকে ৫ কিলোমিটার দূরে পালিদেহা গ্রামের পদ্মা নদীর পয়েন্টে টেম্পুযোগে গোসল করতে যায়। তারা স্কুল ব্যাগ নদীর পাড়ে রেখে গোসলের উদ্দেশ্যে নদীতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড স্রোতে তারা ভেসে যায়। পরে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ফায়ার বিগ্রেডের একদল ডুবুরিসহ স্থানীয়দের সহায়তায় নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওসি জানান, দুপুর তিনটায় এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ দু’ছাত্রকে উদ্ধার তৎপরতা চলছে।
ইত্তেফাক/এমআই
