চালককে খুনের পর পালাতে গিয়ে রিকশাসহ দুই ছিনতাইকারী আটক

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১২:৩৪
চট্টগ্রামের চন্দনাইশে অটোরিকশা চালক বশির আহমদকে (৩৫) খুন করে রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়। দোহাজারীস্থ দেওয়ানহাট এলাকা থেকে সোমবার দিবাগত রাতে ছিনতাই করা রিকশাসহ চন্দনাইশ থানা পুলিশ তাদের আটক করে। 
 
আটককৃত ছিনতাইকারীরা হলেন- লোহাগড়া থানার কলাউজানের মঞ্জুর হোসেনের ছেলে জাগির হোসেন (২০) ও ভোলার কামালের ছেলে বেলাল হোসেন (২৫)। নিহত রিকশাচালক সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে এবং তিন সন্তানের জনক বলে জানা গেছে। ওইদিন রাতে ছিনতাইকারীরা যাত্রী বেশে বশির আহমদের মোটর চালিত রিকশা করে নির্জনস্থান দোহাজারী চাগাচর এলাকার গাছবাগানের পাশে এসে গাড়ি থামিয়ে চালক বশিরকে জোর পূর্বক নামিয়ে গাছের সাথে হাত পা বেঁধে ফেলে। 
পরে ছুুরিকাঘাতে খুন করে রিকশা নিয়ে পালিয়ে যায়। গভীর রাতে মোটর চালিত রিকশা নিয়ে দোহাজারীস্থ দেওয়ানহাট এলাকায় পৌঁছলে চন্দনাইশ থানার দারোগা আমিনুলের নেতৃত্বে টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশ রিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা চালক বশির আহমদকে খুন করে রিকশা নিয়ে পালিয়ে আসার কথা স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। 
 
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই ছিনতাইকারীর স্বীকারোক্তি মতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কিন্তু ভিকটিমের বাড়ি খাগরিয়া হওয়ায় লাশ ও আটককৃতদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই