বাহরাইনে নিরাপত্তা বাহিনীর হাতে বিরোধী দলের লোকেরা ব্যাপক নির্যাতন, জেল-জুলুম ও যৌন হয়রানির শিকার হচ্ছে বলে বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। তারা বলেছেন, এক্ষেত্রে সরকারের ১৭০ জন সমালোচক তাদের কঠোর রোষানলে পড়েছেন।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত কমপক্ষে ১৬৯ জনকে ভয়ভীতি প্রদর্শন ,হয়রানি এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে কেউই তাদের সাহায্যে এগিয়ে আসছে না বা ভয়ে কেউ আসতে সাহস পাচ্ছে না। অ্যামনেস্টির মধ্যপূর্ব এবং উত্তর আফ্রিকার রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির পরিচালক ফিলিপ লুথার বলেন, আমরা জানতে পেরেছি যে বাহরাইনে সরকারের সমালোচকদের কঠোর নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, আমরা জানতে চাই সত্যিকার অর্থে সেখানে কি হচ্ছে। যথাযথ তদন্তের মাধ্যমে বিষয়টি সকলের গোচরীভূত করা হোক। কেননা রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে সকলের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু ধরে ধরে যদি বিনা কারণে কিংবা নানা অজুহাত দেখিয়ে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন করা হয় তা কোনভাবেই কাম্য হতে পারে না। কাজেই আমরা চাই বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুরাহা হোক।
নির্যাতনের শিকার একজন নারী মানবাধিকার কর্মী জানান, তাকে একদিন চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়। তার ওপর অমানুষিক নির্যাতনও চালানো হয়। এছাড়া তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির যখন নিরাপত্তা হেফাজতে ছিলেন তখন তিনি এ ধরনের নির্যাতনের শিকার হন। এবটিজাম আল-সাইয়েগ নামে ওই নারী আরো জানান, ওরা সকল নির্মমতা ছাড়িয়ে গেছে। শেখ ইয়া নামে একজন বিশিষ্ট শিয়া পন্ডিত বলেন, ওরা আমার নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছে। এর প্রতিবাদ করায় তার বেশ কয়েকজন অনুসারীকে কারাবরণ করতে হয়। এ ব্যাপারে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বক্তব্য চাওয়া হলে তারা মন্তব্য প্রদানে বিরত থাকেন। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
