জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত মালিতে নিহত সেনা সদস্য নেত্রকোনার পূর্বধলায় জাকিরুল ইসলাম ওরফে সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। তার এই অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
সোমবার সকালে নিহতের জারিয়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার বৃদ্ধ বাবা ছফির উদ্দিন সরকার, মা জোসনা বেগম, স্ত্রী মার্জিয়া তামান্নসহ পরিবারের অন্যান্য সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন। নিহতের ছয় বছরের ছেলে তাইজ ও তিন বছরের আরেক ছেলে তাজদীদ যেন ফেল ফেল চোখে এদিক ওদিক তাকিয়ে আছে।
নিহতের পারিবরিক সূত্রে জানা যায়, রবিবার বিকাল তিনটার দিকে ঢাকা থেকে জাকিরুলের চাচাত ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুল ইসলাম মুটোফোনে জাকিরুলের মৃত্যুর সংবাদটি তার পরিবারকে জানান।
শনিবার বিকালে স্ত্রী ও মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন জাকিরুল। তখন সবার কাছে দোয়া চান তিনি। জাকিরুলের ছয় বছর ও তিন বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে। গত ৭বছর আগে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চোরখাই গ্রামে বিয়ে করেন। জাকিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে।
গত ২০০২ সালে জাকিরুল সেনাবাহিনীর আর্টিলারি কোরে যোগদান করেন। চলতি বছরের ১৭ মে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে জাকিরুল সবার ছোট।
ইত্তেফাক/কেকে
