যে অভিযোগে হিলারি ক্লিনটনের শাস্তি দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার সেই অভিযোগ উঠেছে তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা কুশনার এবং তার ঘনিষ্ঠ ৬ জন উপদেষ্টার বিরুদ্ধে। তারা হোয়াইট হাউস বিষয়ক আলাপ-আলোচনা চালাতে নিজেদের ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।
মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস এই ৬ জনের নাম প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেড কুশনার। এদিকে নিউজউইক ম্যাগাজিন জানিয়েছে, এক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়ে ইভাঙ্কা ট্রাম্পের পাঠানো একটি মেইল এবং দু’জন ফেডারেল কর্মকর্তাকে সেই মেইলটির পাঠানো কপির বিস্তারিত তাদের হাতে রয়েছে। এর আগে গত রবিবার প্রকাশ পায় ইভাঙ্কা ট্রাম্পের স্বামী এবং ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের কর্মকাণ্ড। এ অভিযোগে তার বিরূদ্ধে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ডেমোক্র্যাট সিনিয়র কংগ্রেসম্যান এলিজাহ কামিংস কুশনারের কাছে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন তিনি যেন তার সব ধরনের ব্যক্তিগত ই-মেইল সংরক্ষণ করেন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, এসব ই-মেইল প্রকাশ করা হবে না। রবিবার কুশনারের একজন আইনজীবী নিশ্চিত করেন, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত একশ’র মতো ই-মেইল কুশনার এবং তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের অভিযোগে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে বারবার অভিযুক্ত করেন ট্রাম্প। এজন্য তিনি হিলারিকে কারাদণ্ডের মত শাস্তি দেওয়ার দাবিও করেছিলেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু
