পাকিস্তানকে কঠোর বার্তা দিচ্ছেন টিলারসন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০৯:৩৮
সন্ত্রাস দমন ইস্যুতে পাকিস্তানকে কঠোর বার্তা দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকাল মঙ্গলবার পাকিস্তান সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকালই টিলারসন পাকিস্তান সফরে আসেন।
 
টিলারসন গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী, পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি আফগানিস্তান ও ইরাক সফর করেন। প্রধানমন্ত্রী আব্বাসীকে টিলারসন বলেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তান আমাদের গুরুত্বপূর্ণ মিত্র। তাই দেশটি সন্ত্রাস দমন করে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পারে।
 
প্রধানমন্ত্রী আব্বাসী বলেন, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। সোমবার আফগানিস্তানেও টিলারসন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনে গুরুত্ব দিতে হবে। গতকালই টিলারসনের নয়াদিল্লী যাওয়ার কথা রয়েছে। ভারত সফরে পাকিস্তান, চীন এবং আফগানিস্তান ইস্যু গুরুত্ব পাবে। ডন।
 
ইত্তেফাক/সেতু