ভারতের উত্তর প্রদেশে চাঁদাবাজির অভিযোগে এক জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানী নয়াদিল্লির শহরতলীর গাজিয়াবাদ শহরের বাসা থেকে বিনোদ ভার্মা নামের এই সাংবাদিককে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। ভার্মা একজন ফ্রিলেন্স সাংবাদিক। তিনি বিবিসি হিন্দি ও হিন্দি ‘দৈনিক আমার উজালায়’সাংবাদিকতা করেছেন।
উত্তর প্রদেশের পুলিশের মুখপাত্র রাহুল শ্রীবাস্তব বলেন, তার বিরুদ্ধে রায়পুরের পান্ড্রি থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় ছত্তিশগড় পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভার্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ছত্রিশগড় থানা হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, ছত্তিশগড়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর স্থানীয় মন্ত্রী রাজেশ কুমারের কাছ থেকে ভার্মা চাঁদাবাজির চেষ্টা করলে তিনি থানায় মামলা করেন ।
সাংবাদিক ভার্মাকে গ্রেফতার করায় তার সহকর্মীরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে সাংবাদিকের গ্রেফতারের প্রতিবাদে বৈঠক ডাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল। এক মন্ত্রীর যৌন কেলেঙ্কারির ভিডিও বিনোদ ভার্মার কাছে রয়েছে বলেই পুলিশ ভার্মাকে গ্রেফতার করেছে বলে অভিযোগ বাঘেলের।
বিনোদ ভার্মা গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কিত ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে।
ইত্তেফাক/ইউবি
