টোগোর প্রেসিডেন্ট ফৌরি জিনাসিংবে দেশটিতে সহিংসতার জন্য বিরোধীদলকে দায়ী করেছেন। দেশব্যাপী সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
গত আগস্ট মাসের শেষ দিকে প্রথম এ বিক্ষোভ শুরু হয়। আর তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতায় ২ শতাধিক লোক আহত হয়েছে। জিনাসিংবের পদত্যাগ এবং কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশী ক্ষমতায় থাকতে পারবে না এমন আইন পাসের দাবিতে বিক্ষোভ শুরু করার পর হতাহতের এসব ঘটনা ঘটে। আবারো নির্বাচনে দাঁড়ালে তাকে ব্যাপকভাবে প্রতিরোধ করা হবে বলেও এসব বিক্ষোভে জানিয়ে দেয়া হয়।
IMG0
শুক্রবার লোমের প্রায় ২শ’ কিলোমিটার উত্তরে তেমেদজা সামরিক ঘাঁটি পরিদর্শনকালে জিনাসিংবে বলেন, বিরোধীদলের বিক্ষোভের কারণে টোগোতে বর্তমানে স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটছে। শান্তি ও আইন লঙ্ঘন করা এসব বিক্ষোভ সমাবেশ প্রায় ব্যাপক সহিংস রূপ নিচ্ছে।’ জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘যারা এসব বিক্ষোভ-সমাবেশের আয়োজন করছে তারাই প্রাণহানি ও ক্ষতির জন্য দায়ী।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
